Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলমান ঋণ নবায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৬ ১৫:৪৩

ঢাকা: বাংলাদেশ ব্যাংক চলমান ঋণ নবায়ন সংক্রান্ত বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে। মঙ্গলবার (৩ মার্চ) ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত এক‌টি সার্কুলার জারি করা হয়।

সার্কুলারে বলা হয়েছে, চলমান ঋণ বিদ্যমান মেয়াদের মধ্যেই নবায়ন করতে হবে। এ ক্ষেত্রে ঋণের মেয়াদোত্তীর্ণ হওয়ার কমপক্ষে দুই মাস আগে নবায়ন প্রক্রিয়া যেমন গ্রাহকের আবেদন গ্রহণ ও প্রয়োজনীয় ডকুমেন্টেশন শুরু করতে হবে।

তবে নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন সম্পন্ন করা সম্ভব না হলে, ঋণটি বিরূপমানে শ্রেণিকৃত হওয়ার পূর্ব পর্যন্ত নবায়ন করা যাবে। এ ক্ষেত্রে যথাসময়ে নবায়ন না হওয়ার কারণ লিখিতভাবে সংরক্ষণ করতে হবে।

বিজ্ঞাপন

সার্কুলারে আরও বলা হয়েছে, নবায়নের ক্ষেত্রে ঋণের সীমাতিরিক্ত অংশ (যদি থাকে) সমন্বয় সাপেক্ষে নবায়ন করা যাবে। অন্যথায় ঋণ সম্পূর্ণ সমন্বয় করতে হবে। তবে সীমাতিরিক্ত অংশকে পৃথক করে নতুন ঋণ সৃষ্টি বা অন্য কোনো ঋণ হিসাবে স্থানান্তর করা যাবে না।

উল্লেখ্য, এর আগে, জারি করা বিআরপিডি সার্কুলার নং-০৬/২০২৫ এর নির্দেশনা বাতিল করা হয়েছে। নতুন এ নির্দেশনা আগামী ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় ব্যবসা-বাণিজ্য কার্যক্রম সচল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

সারাবাংলা/এসএ/ইআ