Thursday 26 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মব কালচার’ দমনে কঠোর বার্তা বাংলা‌দেশ ব্যাংকের

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪২ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৬

বাংলা‌দেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

ঢাকা: কেন্দ্রীয় ব্যাংকে ঘটে যাওয়া ‘মব’ ঘটনার সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে এইচআর নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলা‌দেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, নতুন গভর্নর সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন। যেসব কর্মকর্তা মব কালচাররে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে মানবসম্পদ (এইচআর) নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সকাল পৌনে ১১টার দিকে নতুন গভর্নর দায়িত্ব গ্রহণ করেন এবং পরে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের সিদ্ধান্ত ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

মুখপাত্র জানান, দায়িত্ব নেওয়ার পর গভর্নর অর্থনীতিকে প্রবৃদ্ধি ও কর্মসংস্থানমুখী করতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে গত দেড় বছরে বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগে কেন্দ্রীয় ব্যাংকের সক্রিয় সহযোগিতার কথা বলেন তিনি। প্রয়োজনীয় প্রণোদনা, নীতিগত সহায়তা এবং ব্যাংকিং খাতে সমন্বয় জোরদারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির আশাবাদ ব্যক্ত করেন গভর্নর।

আরিফ হোসেন খান জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্যমূল্য স্থিতিশীল রাখা হবে অগ্রাধিকারভিত্তিক লক্ষ্য। পাশাপাশি বিনিয়োগে প্রতিবন্ধকতা তৈরি করছে এমন উচ্চ সুদের হার পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন গভর্নর।

প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া পুরোপুরি নিয়ম-ভিত্তিক ও বৈষম্যহীন করার ঘোষণা দেওয়া হয়েছে। কাজের গতি বাড়াতে ‘ডেলিগেশন অব অথরিটি’ বা ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ানো হবে বলেও জানান মুখপাত্র।

বুধবার সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের উপদেষ্টা আহসান উল্লাহকে কেন্দ্রীয় ব্যাংক ভবন থেকে ‘মব’ তৈরি করে বের করে দেওয়ার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের কয়েকজন কর্মকর্তা সরাসরি জড়িত ছিলেন। ঘটনার সময় অতিরিক্ত পরিচালক তৌহিদুল ইসলামসহ আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এর আগে একই দিন সকালে গভর্নরের পদত্যাগ দাবিতে প্রধান কার্যালয়ের সামনে কর্মকর্তা-কর্মচারীদের একাংশ প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক মর্যাদা রক্ষায় যে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

সারাবাংলা/এসএ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর