ঢাকা: মাসিক ইসলামিক ডিপিএস সেবায় গ্রাহকের আগ্রহের পর এবার বিকাশ অ্যাপে যুক্ত হলো ঢাকা ব্যাংকের স্বল্পমেয়াদি ‘সাপ্তাহিক’ ইসলামিক ডিপিএস।
বিকাশ অ্যাপ থেকে ২৫০ থেকে শুরু করে ৫ হাজার টাকা পর্যন্ত সাপ্তাহিক কিস্তিতে ৬ বা ১২ মাস মেয়াদে অর্থ জমানো যাচ্ছে ঢাকা ব্যাংকে।
আর্থিক অন্তর্ভুক্তির বাইরে থাকা বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠির আর্থিক নিরাপত্তা নিশ্চিতে সাপ্তাহিক ইসলামিক ডিপিএস সেবা সহায়ক হবে।
এই সাপ্তাহিক ডিপিএস স্বল্প আয় এবং দৈনিক মজুরিভিত্তিক পেশাজীবীদের ইসলামিক উপায়ে অল্প অল্প করে অর্থ জমানোর সুযোগ করে দিবে, যা তাদের ভবিষ্যত নিরাপত্তা, কৃষি-ব্যবসায় বিনিয়োগ, শিক্ষা, চিকিৎসা বা অন্য যেকোনো জরুরি প্রয়োজনে কাজে আসতে পারে।
২০২১ সালে আইডিএলসি ফাইন্যান্সের মাসিক ডিপিএস দিয়ে যাত্রা শুরু করে বিকাশ’র ডিজিটাল সেভিংস সেবা, যাতে পর্যায়ক্রমে যুক্ত হয়েছে ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক। এরই ধারাবাহিকতায়, ২০২২ সালে সিটি ব্যাংকের মাসিক ইসলামিক ডিপিএস চালু হয় বিকাশ অ্যাপে, যাতে পরে ঢাকা ব্যাংকও।
বিকাশ অ্যাপে ইসলামিক ডিপিএস খোলার প্রক্রিয়া:
নতুন ডিপিএস খুলতে বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘সেভিংস’ আইকনে ক্লিক করে ‘নতুন সেভিংস খুলুন’-এ ট্যাপ করতে হবে।
সেভিংসের ধরন থেকে ‘ইসলামিক সেভিংস’ বেছে নিয়ে ডিপিএসের ধরন- সাপ্তাহিক, মেয়াদ- ৬ বা ১২ মাস এবং প্রতি সপ্তাহে যে পরিমাণ টাকা জমাতে ইচ্ছুক- ২৫০, ৫০০, এক হাজার, দুই হাজার, বা পাঁচ হাজার টাকা নির্বাচন করতে হবে।
পরের ধাপে আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকের তালিকা থেকে ঢাকা ব্যাংক নির্বাচন করে সেভিংসের নমিনি সংক্রান্ত তথ্য দিতে হবে। তারপর সেভিংসের বিস্তরিত দেখে এবং নিয়ম ও শর্তাবলি ভালোভাবে পড়ে, বুঝে সম্মতি দিতে হবে। সবশেষে বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বার দিয়ে স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখলেই ডিপিএসের আবেদন সম্পন্ন হবে।
প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হলে বিকাশ ও ব্যাংক থেকে চলে আসবে নিশ্চিতকরণ মেসেজ।
বিকাশ অ্যাপ থেকে একাধিক ডিপিএস খোলার সুযোগ রয়েছে যেকোনো গ্রাহকের জন্য।
বিকাশ অ্যাকাউন্টে প্রয়োজনীয় ব্যালেন্স থাকা সাপেক্ষে নির্দিষ্ট তারিখে স্বয়ংক্রিয়ভাবে ডিপিএসের টাকা কেটে নেওয়া হয়। ডিপিএসের মেয়াদপূর্ণ হয়ে যাবার পর বিকাশ অ্যাপেই মুনাফাসহ মূল টাকা পেয়ে যাবেন গ্রাহক, যা কোনো খরচ ছাড়াই ক্যাশ আউট করা যায়।
এদিকে জরুরি প্রয়োজনে মেয়াদপূর্তির আগেই ডিপিএস ভাঙ্গতে চাইলে নির্দিষ্ট সময় পর গ্রাহক তা বিকাশ অ্যাপ থেকেই করতে পারবেন।
বিকাশ অ্যাপ থেকে যেসব ডিপিএস খোলা হয়েছে, তার প্রায় ৩০ শতাংশই খুলেছেন নারীরা।
ডিপিএস খোলা গ্রাহকদের ৮০ শতাংশই বাস করেন ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরের বাইরে। আবার বিকাশ অ্যাপে খোলা ৫৫ শতাংশই ডিপিএসই খোলা হয়েছে ব্যাংকিং সময়ের বাইরে, অর্থাৎ গ্রাহকরা নিজের সুবিধামতো সময়ে সঞ্চয়ের মতো জরুরি আর্থিক সেবা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
এক জরিপে দেখা গেছে, যেসব গ্রাহকের ডিপিএসের মেয়াদ এরই মধ্যে পূর্ণ হয়েছে, তাদের ৯৬ শতাংশই আবার বিকাশ অ্যাপের মাধ্যমে পুনরায় ডিপিএস খোলার আগ্রহ প্রকাশ করেছেন।