ঢাকা: প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি মাসের ১ থেকে ২১ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৩০৮ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের (১ হাজার ৯১৩ মিলিয়ন ডলার) তুলনায় ২০.৬ শতাংশ বেশি।
রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুধু ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি এই তিন দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৮২ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রবাসী আয় প্রবাহের ধারাবাহিকতা ও গতি নির্দেশ করে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু জুলাই ২০২৫ থেকে ২১ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ে মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ২১ হাজার ৭৪১ মিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৪ থেকে ২১ ফেব্রুয়ারি ২০২৫) এই অঙ্ক ছিল ১৭ হাজার ৮৭৫ মিলিয়ন ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম আট মাসে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ২১.৬ শতাংশ।
অর্থনীতিবিদদের মতে, প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে সহায়ক হবে এবং চলমান অর্থনৈতিক চাপ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং নীতিগত প্রণোদনার ইতিবাচক প্রভাবও এতে প্রতিফলিত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।