Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক সপ্তাহে এলো ৯ হাজার ৬৭৫ কোটি টাকার রেমিট্যান্স

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪১ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৫

ঢাকা: চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সাত দিনে দেশে এসেছে ৭৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৯ হাজার ৬৭৪ কোটি ৬০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে এবার একই সময়ে ১৩ কোটি ৮০ লাখ ডলার বা প্রায় এক হাজার ৬৮৪ কোটি টাকা বেশি রেমিট্যান্স এসেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম সাত দিনে মোট ৭৯৩ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে, যেখানে গত বছরের একই সময়ে এসেছিল ৬৫৫ মিলিয়ন ডলার। ফলে মাসভিত্তিক রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ২১ শতাংশ।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২০ হাজার ২২৬ মিলিয়ন (২০ দশমিক ২২ বিলিয়ন) মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১৬ হাজার ৬১৭ মিলিয়ন ডলার। সে হিসাবে অর্থবছরের এ পর্যন্ত রেমিট্যান্স প্রবৃদ্ধি ২১ দশমিক ৭ শতাংশ।

এদিকে সদ্য বিদায়ী জানুয়ারি মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন মোট ৩ দশমিক ১৭ বিলিয়ন বা ৩১৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা।

রেমিট্যান্স প্রবাহে এ ধারাবাহিক প্রবৃদ্ধিকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সারাবাংলা/এসএ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর