Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিয়োগে নৈতিকতা যাচাইয়ের পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের

ঢাবি করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৬ ২১:০৬

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

ঢাকা: সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মেধা ও যোগ্যতার পাশাপাশি প্রার্থীদের নৈতিকতা ও মূল্যবোধ যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল-এ অনুষ্ঠিত ‘স্থবিরতা থেকে সুশাসনের নবযাত্রা: বিপিএসসি সংস্কার প্রতিবেদন’ প্রকাশ অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন। অনুষ্ঠানের প্যানেল আলোচনার বিষয় ছিল ‘সরকারি চাকরিতে নিয়োগে মেধা ও জনআস্থা শক্তিশালীকরণ’।

প্রফেসর মামুন আহমেদ বলেন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সাধারণত নিয়োগে মেধা ও যোগ্যতাকে গুরুত্ব দেয়। তবে অনেক ক্ষেত্রে প্রার্থীদের নৈতিকতা ও মূল্যবোধের ঘাটতি থাকায় তারা কাঙ্ক্ষিত জনসেবা দিতে ব্যর্থ হন, ফলে সরকারি কর্মকাণ্ডে জনআস্থা কমে যায়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণে মেধাবী ও যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি তাদের নৈতিক মান যাচাই করা জরুরি। এতে সুশাসন প্রতিষ্ঠা ও জনআস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে।

উচ্চশিক্ষা প্রসঙ্গে ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মূল লক্ষ্য শুধু চাকরির উপযোগী দক্ষ জনবল তৈরি করা নয়; বরং শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা উদ্যোক্তা বা অন্যান্য পেশায়ও সফল হতে পারে। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষা জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে মেধা, নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন নাগরিক তৈরিতে দ্রুত একটি নীতিমালা প্রণয়ন প্রয়োজন। এ ক্ষেত্রে ইউজিসি, পিএসসি ও বিশ্ববিদ্যালয়গুলো সমন্বিতভাবে কাজ করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, পিএসসি চেয়ারম্যান প্রফেসর ড. মোবাশ্বের মোনেমসহ সংশ্লিষ্টরা।

সারাবাংলা/কেকে/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর