Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীদের অভিনব উদ্ভাবন: পানিতে পড়া বাস ভেসে উঠবে নিজেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১৬:০০ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ১৬:৫২

শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প।

কক্সবাজার: পানিতে পড়ে যাওয়া বাসকে স্বয়ংক্রিয়ভাবে ভাসিয়ে তোলার প্রযুক্তিনির্ভর এক অভিনব উদ্ভাবন দিয়ে সবার নজর কাড়লেন শিক্ষার্থীরা। কক্সবাজারের রামু উপজেলায় আয়োজিত বিজ্ঞান মেলায় এই প্রকল্পটি দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে রামু উপজেলা পরিষদ মাঠে শুরু হওয়া দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বানী চৌধুরী।

মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সৃজনশীল প্রকল্পের ভিড়ে আলোচনায় আসে রামু সরকারি কলেজের শিক্ষার্থীদের তৈরি একটি বিশেষ মডেল। এই উদ্ভাবনের মূল ধারণা, কোনো বাস পানিতে পড়ে গেলে তা স্বয়ংক্রিয়ভাবে ভেসে উঠবে।

বিজ্ঞাপন

প্রকল্পটির উদ্ভাবক একাদশ শ্রেণির শিক্ষার্থী তাহামিনা খানম রিনি ও আসরার উল্লাহ তাওহীদ জানান, এটি একটি ধারণাভিত্তিক মডেল। প্রকল্পটির কার্যপ্রণালী অনুযায়ী, পানির স্তর বৃদ্ধি পেলেই একটি ওয়াটার লেভেল সেন্সর তা শনাক্ত করে। এরপর সেই সংকেত পেয়ে একটি Arduino UNO সক্রিয় হয়। Arduino UNO বিভিন্ন সেন্সর ও ডিভাইস থেকে ইনপুট নিয়ে মোটর বা লাইটের মতো আউটপুট নিয়ন্ত্রণ করতে পারে। এর মাধ্যমে রিলে মডিউল চালু হয়ে একটি এয়ার পাম্প সচল করে; যা নির্দিষ্ট চেম্বারে বাতাস প্রবাহিত করে। ফলে পানির চাপ কমে গিয়ে ধীরে ধীরে ডুবে যাওয়া বাসটি পানির ওপর ভেসে ওঠে। পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হওয়ায় দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কার্যক্রমে এটি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তারা বলছেন, খেলনা বাস, ওয়াটার সেন্সর, রিলে মডিউল, ১২ ভোল্ট ব্যাটারি, সংযোগ তার ও এয়ার পাম্পসহ সহজলভ্য উপকরণ ব্যবহার করে আমরা এটি তৈরি করেছি। ভবিষ্যতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে এটি বাস্তবে প্রয়োগ করা সম্ভব।

মেলায় উপজেলার প্রায় ১৯টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। তারা নিজ নিজ স্টলে বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছে। পাশাপাশি আয়োজন করা হয়েছে বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জাহিদুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অসীম বরণ সেন, ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সুশান্ত দেবনাথ এবং সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুজিনা আক্তার রুমি।

আয়োজকদের মতে, এ ধরনের বিজ্ঞানভিত্তিক আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা ও বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান দাবি করেন, রামু সরকারি কলেজের শিক্ষার্থীদের এই উদ্ভাবনটি গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাস্তবায়ন করা গেলে পানিতে ডুবে যাওয়া যানবাহন উদ্ধারে নতুন সম্ভাবনার দ্বার খুলে যেতে পারে।