Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৬ ১০:৫৭ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১২:৪৬

ঢাকা: কম খরচে কিডনি প্রতিস্থাপন সেবার জন্য পরিচিত অধ্যাপক ডা. কামরুল ইসলামের রাজধানীর শ্যামলীতে সেন্টার ফর কিডনি ডিসিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় প্রধান অভিযুক্ত সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনসহ আরও তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (১৩ এপ্রিল) সকালে র‌্যাবের উপ-পরিচালক (লিগ্যাল এন্ড মিডিয়া উইং) মেজর মো. লুৎফুল হাদি এ তথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, সিকেডি ইউরোলজি হাসপাতালের চাঞ্চল্যকর চাঁদাবাজি মামলার প্রধান অভিযুক্ত মইনসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

এর আগে, এ ঘটনায় রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে মঈনের চার সহযোগীকে গ্রেফতার করে র‍্যাব-২ ও র‍্যাব-৪। পরে তাদের থানায় হস্তান্তর করে র‍্যাব। ফলে এ নিয়ে এই মামলায় সাত আসামিকে গ্রেফতার করল র‍্যাব। গত ১১ এপ্রিল সিকেডি হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন মঈনকে এক নম্বর আসামি করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

মামলার এজাহারে বলা হয়, মঈন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে পাঁচ লাখ টাকা দাবি করে আসছে। দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে আসামিরা আবু হানিফকে বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে।

আবু হানিফ বলেন, গত ১০ এপ্রিল সকালে শেরেবাংলা নগর থানাধীন শ্যামলী ৩ নম্বর রোডে আমার বাসার সামনে এসে দরজা খুলতে বলে। আমার স্ত্রী দরজা খুলে দিলে আসামি মঈন আমার স্ত্রীকে বলে, চাঁদা বাবদ এখনই তাদেরকে ৫ লাখ টাকা দিতে হবে। টাকা না দিলে আমাকেসহ আমার স্ত্রীর বিভিন্ন ধরণের ক্ষতিসাধন করার হুমকি দেয়। আমার স্ত্রী আসামিদের চাহিত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে উচ্ছৃঙ্খল আচরণ করাসহ চিল্লাচিল্লি শুরু করে। এ সময় আমি আসামিদের উপস্থিতি টের পেয়ে বাসার অন্য একটি রুমে অবস্থান করি এবং পরিস্থিতির অবনতি আশঙ্কা করে হাসপাতালে অবস্থানরত আমার ছোট ভাই মো. মনির তালুকদারকে (৩৫) দ্রুত বাসায় আসার জন্য ফোন করি। পরবর্তীতে আমার ভাই বাসায় পৌঁছালে আসামী মঈনসহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জন আসামি ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে আরও লোকজন জড়ো করতে থাকে।

একপর্যায়ে তারা প্রায় ৫০ থেকে ৬০ জন লোক সমবেত করে সিকেডি হাসপাতালের সামনে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে। তারা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করে, উচ্চস্বরে স্লোগান দেয়, গালাগালি করে এবং পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালায়। এমনকি তারা সিকেডি হাসপাতালের মালিক মো. কামরুল ইসলামকে উদ্দেশ্য করে বলে ‘কামরুলের দুই গালে জুতা মারো’ এবং ‘কামরুলের পিঠের চামড়া তুলে নেব’ মর্মে হুমকি সূচক স্লোগান দিতে থাকে।

এ ছাড়াও তারা অকথ্য ভাষায় গালাগালি করে এবং পুরো ঘটনাটিকে পরিকল্পিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে। একপর্যায়ে তারা মেডিকেলের ইমার্জেন্সি ডিপার্টমেন্টের সামনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, যার ফলে হাসপাতালের স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়। এ বিষয়ে আমি শেরেবাংলা নগর থানা পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনেন।

সারাবাংলা/এমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর