কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চরে সমুদ্রপথে ভ্রমণরত নিউজিল্যান্ডের একদল পর্যটকের ওপর দুষ্কৃতকারীদের হামলার ঘটনা ঘটেছে। তবে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) তাৎক্ষণিকভাবে ওই পর্যটকদের উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পুডনি তার পরিবারের চার সদস্যসহ বিশ্বভ্রমণের উদ্দেশ্যে ২০২৪ সালে বাংলাদেশে আসেন। নিজেদের পরিকল্পনার অংশ হিসেবে তারা একটি কাঠের ট্রলারে করে সমুদ্রপথে ভ্রমণে বের হন। তবে নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কোস্ট গার্ড তাদের এ ধরনের যাত্রা থেকে বিরত থাকার পরামর্শ দেয়। পাশাপাশি গত ১ মার্চ তাদের প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনাও দেওয়া হয়। এসব নির্দেশনা উপেক্ষা করে তারা সোনাদিয়া চর এলাকায় বোটসহ অবস্থান করছিলেন। এরইমধ্যে গত বুধবার (৮ এপ্রিল) রাতে একদল দুষ্কৃতকারী তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সংবাদ পেয়ে কোস্ট গার্ডের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় এবং পর্যটকদের জীবিত উদ্ধার করে। এ সময় আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে লুট হওয়া অধিকাংশ মালামাল উদ্ধার করে পর্যটকদের কাছে হস্তান্তর করা হয়।
তিনি বলেছেন, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, বর্তমানে উদ্ধার হওয়া পর্যটকদের নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং তাদের পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় চলছে।
এ ছাড়া, জড়িতদের গ্রেফতার ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।