Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকাতির চেষ্টা ভণ্ডুল, জনতার হাতে ধরা ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ১৬:৫২

ডাকাতি চেষ্টার অভিযোগে আটক হওয়া তিনজন।

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বড়বিল চরপাড়া এলাকায় একটি বসতঘরে ডাকাতির চেষ্টা ভণ্ডুল করে তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রোববার (৬ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন—রামুর হজায়ারিয়া নালার মৃত মনির আহমেদের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৭), ঈদগড়ের চরপাড়ার বদিউর রহমানের ছেলে নাসির উদ্দিন (১৮) ও একই এলাকার মফিজ আহমেদের ছেলে মোবারক মিয়া (১৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে একদল ডাকাত মোবাইলফোন ব্যবসায়ী জাহেদুল ইসলামের বাড়িতে হানা দেয়। তারা ঘরে ঢুকে লুটপাটের চেষ্টা চালালে বাড়ির লোকজন চিৎকার শুরু করে। এতে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। এ সময় স্থানীয়রা ডাকাতদের ধাওয়া দিলে দলের কয়েকজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। তবে তিনজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

ঈদগড় পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাতির উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত জাহেদুল ইসলামের বাড়িতে প্রবেশ করেছিল। বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তিনজনকে আটক করে।

তিনি আরও বলেন, আটক মোবারক মিয়ার বিরুদ্ধে রামু থানায় একটি অস্ত্র মামলা রয়েছে। ডাকাতি চেষ্টার ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া অন্যান্যদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে।

সারাবাংলা/এআর