Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর পৌরসভার কর্মচারীকে মারধরের অভিযোগ প্রধান নির্বাহীর বিরুদ্ধে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৬ ২১:৫৩ | আপডেট: ১২ মার্চ ২০২৬ ২১:৫৪

বিক্ষোভ মিছিলে ফরিদপুর পৌরসভার কর্মচারীরা।

ফরিদপুর: ফরিদপুর পৌরসভার এক কর্মচারীকে মারধর করার অভিযোগে পৌরসভার প্রধান নির্বাহী ফজলে রাব্বিকে প্রত্যাহার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে পৌরসভার কর্মচারীরা।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী পৌরসভার সকল দফতরে তালা মেরে রাস্তায় বিক্ষোভ করে কর্মচারীরা। এ সময় তারা পৌরসভার প্রধান নির্বাহী ফজলে রাব্বির বিচার ও প্রত্যাহারের দাবি জানায়। পরে তারা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যায়।

এদিকে, পৌর প্রশাসক মো. সোহরাব হোসেন আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করে অভিযুক্ত প্রধান নির্বাহীকে প্রত্যাহারের বিষয়ে মন্ত্রণালয়ে লিখিতভাবে জানাবেন বলে আশ্বাস দিলে তিন ঘণ্টা পর আন্দোলন প্রত্যাহার করে কর্মচারীরা।

বিজ্ঞাপন

মারধরের শিকার কর্মচারী আলমগীর গুরুতর আহত অবস্থায় ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে শুয়ে আলমগীর বলেন, ‘নির্বাহী স্যার সার্কিট হাউজে থাকেন। আমি তার দেখাশোনা করি। স্যারের ব্যবহার সবসময় অস্বাভাবিক। সামান্য কারণে তিনি আমাকে প্রায়ই মারধর করেন। গতরাতে আমাকে তিনি এমনভাবে মেরেছেন যে আমার কান দিয়ে রক্ত বের হয়েছে এবং এখন আমি ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছি না।’

এ বিষয়ে পৌর প্রশাসক মো. সোহরাব হোসেন জানান, কর্মচারীদের অভিযোগ শুনে প্রধান নির্বাহীকে বদলি বা প্রত্যাহারের ব্যাপারে মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হবে।