ঢাকা: পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষ্যে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে শহিদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এই জঘন্য হত্যাকাণ্ডের উদ্দেশ্য খুঁজে বের করতে তৎকালীন সরকার (আওয়ামী লীগ) দু’টি কমিটি করেছিল। সেই কমিটির প্রতিবেদনগুলো শেষ পর্যন্ত প্রকাশিত হয়নি। সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সময়ে একটি স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়। সেই কমিশনের প্রতিবেদন সরকারের কাছে জমা পড়ে। সেই প্রতিবেদন বাস্তবায়নের জন্য তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’
আগে পুরো প্রতিবেদন না দেখেই পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিটি নিয়ে কিছু মন্তব্য করেছিলেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি এখন তা সংশোধন করছেন।’ এ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তারা জনগণের ম্যান্ডেট নিয়ে অল্প কিছুদিন আগে সরকারে এসেছেন। এ হত্যাকাণ্ড নিয়ে সরকার নতুন করে কোনো তদন্ত কমিশন করবে না। যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছিল। দক্ষ ও উপযুক্ত ব্যক্তিদের নিয়েই গঠিত হয়েছিল।’
তিনিআরও বলেন, ‘কমিশনের প্রতিবেদন একনজরে যা দেখেছেন, তাতে ৭০টির মতো সুপারিশমালা এসেছে, যার অনেকগুলোই বাস্তবায়নাধীন। আর বিচারাধীন যে মামলাগুলো আছে, কিছু আপিল বিভাগে আছে, এই বিচারিক প্রক্রিয়াটা সমাপ্ত করা হবে। এ ছাড়া, অন্য যে সুপারিশগুলো আছে, সেগুলোও ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শহিদ পরিবার ও এই জাতিকে আশ্বস্ত করতে চাই, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে। ন্যায়বিচার নিশ্চিত করা হবে, যাতে এই জাতীয় কোনো ঘটনা আমাদের জাতীয় জীবনে আর না দেখতে হয় ভবিষ্যতে। সে জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া জরুরি, সমস্ত পদক্ষেপ আমরা নেব, ইনশাল্লাহ।’
এ ঘটনা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি হুমকি ছিল বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করার লক্ষ্য ছিল এটি। এই লক্ষ্য তাদেরই থাকতে পারে, যারা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না। অথবা একটা দুর্বল রাষ্ট্র হিসেবে যারা এ দেশকে দেখতে চায়।’
তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে কি না? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা নিয়ে মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’