Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাস-অটোরিক্সার সংঘর্ষে নিহত ১, ক্ষোভে বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৬ ১১:৫৮

সংঘর্ষের পর উত্তেজিত জনতা বাসে আগুন দেয়।

চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে কাপ্তাই সড়কে সৌদিয়া বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে সড়কের রাউজান উরকিরচর মাইজ্জামিয়ার ঘাটা নামের মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজি চালকের নাম নজরুল ইসলাম (৪৫)।

তিনি রাউজান পশ্চিম গুজরা নতুন রঘুনন্দন চৌধুরী হাট এলাকার মৃত ফয়েজ আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় সাড়ে ১০টার দিকে নজরুল নজুমিয়া হাট ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে কয়েকজন যাত্রীসহ রাউজান নোয়াপাড়া পথেরহাটের দিকে আসছিলেন। এ সময় কাপ্তাইয়ের দিক থেকে আসা দূরপাল্লার সৌদিয়া বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

বিজ্ঞাপন

দুমড়ে মুচড়ে যাওয়া বাস।

পরবর্তীতে ঘটনাস্থলে বিক্ষুব্ধ জনতা সৌদিয়া পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এই সময় বাসটির পাশে থাকা চন্দ্রঘোণা থেকে ছেড়ে আসা নগরগামী কর্ণফুলী এক্সপ্রেস নামক আরেকটি বাসেও আগুন ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

স্থানীয় জুয়েল সিকদার নামের আরেক প্রত্যক্ষদর্শী জানান, কালুরঘাট ফায়ার সার্ভিস ও রাউজান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষণে বাস দুটি পুড়ে যায়। সড়কে উভয় দিকে প্রায় এক কিলোমিটার করে যানজট সৃষ্টি হয়। সোয়া ১২ টার দিকে পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়।

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মামুন ভুঁইয়া বলেন, দুর্ঘটনায় অটোরিক্সার চালক নিহত হয়েছে। আহত এক যাত্রীকে চিকিৎসার উদ্দেশ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিক্ষুব্ধ জনতা দুটি বাসে আগুন দিয়েছে। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

রাউজান থানার অফিসার ইন চার্জ (ওসি) সাজেদুল ইসলাম সারাবাংলাকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

সারাবাংলা/এসএন/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর