ঢাকা: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে যুদ্ধবিরতির ঘোষণায় সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও জ্বালানি নিয়ে কিছুটা স্বস্তির হাওয়া বইছে। তবে যুদ্ধ পরিস্থিতিতে ইরানের নিষেধাজ্ঞায় হরমুজ প্রণালী দিয়ে আসতে না পেরে এক লাখ টন ক্রুড নিয়ে আটকে রয়েছে ‘নর্ডিক পোলাক্স’ ট্যাংকার জাহাজ। ক্লিয়ারেন্স পেলেই জাহাজটি বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে বলে জানিয়েছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে চট্টগ্রামে বিএসসির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এ সময় উপস্থিত ছিলেন- বিএসসির নির্বাহী পরিচালক (বাণিজ্য) মুহাম্মদ আনোয়ার পাশা, নির্বাহী পরিচালক (প্রযুক্তি) ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফ, মহাব্যবস্থাপক (পরিকল্পনা) ক্যাপ্টেন জামাল হোসেন তালুকদার, মহাব্যবস্থাপক (প্রশাসন) ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান, মহাব্যবস্থাপক (জাহাজ মেরামত) মঈন উদ্দিন আহাম্মদ মজুমদার, মহাব্যবস্থাপক (শিপ পারসোনেল) মেরিন ইঞ্জিনিয়ার মো. জিয়াউর রহমান চৌধরী, মহাব্যবস্থাপক (অর্থ) মো. আজমগীর প্রমুখ।
সংবাদ সম্মেলনে কমডোর মাহমুদুল মালেক বলেন, ৩ মার্চ সৌদি আরবের রাস তানুরা বন্দর থেকে এক লাখ টন ক্রুড অয়েল লোড করে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে ‘নর্ডিক পোলাক্স’। পরে হরমুজে নিষেধাজ্ঞার কারণে জাহাজটি রাস তানুরাতেই আটকে যায়। মঙ্গলবার আমেরিকা ও ইরান যুদ্ধ বিরতিতে সম্মত হলে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেয় ইরান। এখন হরমুজ পার হওয়ার ক্লিয়ারেন্স পেলেই জাহাজটি রওনা দেবে। তবে দীর্ঘ একমাস চার্টার করা জাহাজটি রাস তানুরা বন্দরে বসে থাকলেও বিএসসি কিংবা বিপিসিকে কোনো ক্ষতিপূরণ গুণতে হবে না বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএসসি নতুন করে আরও ৪টি জাহাজ কেনার প্রকল্প নিয়েছে। জিটুজি ভিত্তিতে ২টি ক্রুড ওয়েল মাদার ট্যাংকার এবং ২টি মাদার বাল্ক ক্যারিয়ার জাহাজ সংগ্রহ শীর্ষক প্রকল্পে অর্থায়নের লক্ষ্যে গত ১১ মার্চ চীনা পক্ষের সঙ্গে ঋণচুক্তি সই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
পাশাপাশি ২টি প্রোডাক্ট অয়েল ট্যাংকার সংগ্রহের লক্ষ্যে নতুন করে প্রকল্প নেওয়া হয়েছে। ‘প্রতিটি ৪০,০০০-৫৫,০০০ ডিডব্লিউটি সম্পন্ন ২টি প্রোডাক্ট অয়েল ট্যাংকার জাহাজ অর্জন’ শীর্ষক প্রকল্পের মূল্যায়ন কমিটির সভা গত ২ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পটি একনেক সভায় উপস্থাপনের লক্ষ্যে কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিএসসি।
পাশাপাশি সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে বিএসসি প্রায় ৮০০ কোটি টাকা আয়ের বিপরীতে ৩০৬ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে, যা বিএসসির ৫৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ বলে দাবি করা হয়।