Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওমরাহ শেষে মাকে আনতে গিয়ে সড়কে প্রাণ গেল কিশোরের

স্টাফ করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ২০:১৬ | আপডেট: ১ এপ্রিল ২০২৬ ২১:৪১

চট্টগ্রাম: পবিত্র ওমরাহ পালন শেষে মাকে ঘরে নিয়ে আসতে গিয়ে চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ওবায়েদ উল্যাহ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

বুধবার (১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া খান দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওবায়েদ উল্যাহ কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগড় এলাকার সামছুল আলমের ছেলে।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন– নিহতের মা ইয়াসমিন আক্তার (৪০), বোন ফাহিমা আক্তার (২০), ফাহিমার স্বামী ইয়াসির আরাফাত (৩৫) এবং চাচাতো ভাই ইয়াসির আরাফাত (২৫)। তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঘটনাস্থলে কক্সবাজার মুখী নোহা গাড়ির সঙ্গে বিপরীতমুখী মিনি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নোহা গাড়িটি সড়কের পাশে বিলে পড়ে উলটে যায়। আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরকে মৃত ঘোষণা করেন। আহতদের দেখানে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

নোহা গাড়ির যাত্রীরা চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর থেকে কক্সবাজারের ঈদগড় এলাকায় তাদের বাড়িতে যাচ্ছিলেন।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর