চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাউজান উপজেলায় ফের খুনের ঘটনা ঘটেছে। এবার প্রকাশ্যে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত দেড় বছর ধরে খুন-সন্ত্রাসের জনপদে পরিণত হওয়া রাউজানে সংসদ নির্বাচনের পর প্রথম হত্যাকাণ্ড ঘটল।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজারে এ ঘটনা ঘটে।
নিহত মুহাম্মদ আবদুল মজিদের (৫০) বাড়ি অলিমিয়াহাট বাজার এলাকায়। তিনি পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
সূত্র জানায়, হেঁটে বাড়ির দিকে যাবার পথে মুখোশ পরা একদল অস্ত্রধারী যুবক মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত চলে যায়। গুলিবিদ্ধ মজিদকে স্থানীয় লোকজন উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাউজান থানার অফিসার ইনর্চাজ (ওসি) সাজেদুল ইসলাম গুলি করে একজনকে খুনের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাউজানে ২১টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে খুনের শিকার অন্তত ১২ জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে গণমাধ্যমের তথ্য।