Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বাসায় হঠাৎ বিস্ফোরণে দগ্ধ ৮

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৯

বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিরা। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে এক বাসায় বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে নগরীর হালিশহরের এইচ ব্লকে ছয়তলা একটি ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন- ওই বাসায় ভাড়ায় বসবাস করা মো. সাখাওয়াত (৪৬), তার ছেলে শাওন (১৭), আনাস (৭) ও আইমান (৯), ভাই মো. সুমন (৪০) ও স্ত্রী পাখি বেগম (৩৫), তাদের চার বছর বয়সী মেয়ে আয়েশা এবং সাখাওয়াতের আরেক ছোট ভাই শিপন (৩০)। তাদের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া উপজেলায়।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, ভোর ৪টা ৩৭ মিনিটে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দুটি ইউনিট নিয়ে ফায়ার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেন। ভোর ৫টা ৫০ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন

বিস্ফোরণে বাসাটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে৷ ছবি: সারাবাংলা

আগুনে দগ্ধ আটজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক সারাবাংলাকে জানান, দগ্ধ ৮ জনকে হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মাজেদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘বিস্ফোরণে তৃতীয় তলার বাসাটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে৷ পুরো ভবনে ১০-১২টি ফ্ল্যাটের সবগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে। দরজা, জানালার কাচ, আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। কী কারণে বিস্ফোরণ হয়েছে, সেটা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। কারণ এখানে সব বাসায় লাইনের গ্যাস আছে, সিলিন্ডার ব্যবহার হয় না। এসির গ্যাস জমে কিংবা আইপিএস বিস্ফোরণ হতে পারে।’

সারাবাংলা/আরডি/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর