Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যাদের অবদানে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, তাদের মনে রাখতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৫ ১৫:২৩

গণপূর্ত ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

চট্টগ্রাম ব্যুরো: জুলাই শহিদ ও আহতদের অবদানের কারণে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে বলে মন্তব্য করেছেন গণপূর্ত ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

শুক্রবার (৮ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় ‘জুলাই স্মৃতি উদ্যান’ পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এ উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে গিয়েছিলেন উপদেষ্টা।

আদিলুর রহমান খান বলেন, ‘জুলাই শহিদ, আহত ও অংশগ্রহণকারীদের সারাজীবন আমাদের মনে রাখতে হবে। তাদের যে অবদান, এই অবদানের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো। এটা নিয়ে কোনো প্রশ্ন নেই।’

‘আমরা তো বটেই, এরপরে যে সরকারগুলো আসবে- তাদেরও মনে রাখতে হবে। বাংলাদেশের মানুষ এটাই চায়।’

বিজ্ঞাপন

স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘স্মৃতিস্তম্ভ তো চট্টগ্রামে একটা লাগবেই। এটা কোথায় হবে, সেটা নিয়ে একটা আলোচনা ছিল। যেহেতু শহিদদের নামে এই পার্ক, তাই চিন্তাটা করা হয়েছে এই পার্কের মাঝখানে যদি করা যায়।’

‘এটার জন্য একটা ডিজাইন আমাদেরকে করে দেখালে- যেটা সবচেয়ে সুন্দর হয়, সেরকম কিছু একটা ভাবছি করার।’

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা উনাদেরও মতামত নিতে হবে। মতামত নিয়ে এটা এমন জায়গায় আমরা স্থাপন করতে চাই, যাতে চট্টগ্রামের যারা শহিদ- তাদের স্মৃতিটা অম্লান থাকে।’

এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমসহ প্রশাসনের কর্মকর্তারা ছিলেন।

সারাবাংলা/আরডি/এমপি
বিজ্ঞাপন

বগুড়ায় ইফতারে টক দই বিক্রির শীর্ষে
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৯

আরো