ঢাকা: রাজধানীর সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অনুমোদনহীন বাস কাউন্টার অপসারণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় অনুমোদনহীন ২৪০টি বাস কাউন্টার সিলগালা করে দেওয়া হয়।
বুধবার (৮ এপ্রিল ) দুপুরে সাড়ে ১২টার পর ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
তিনি বলেন, আমরা সাত দিন সময় দিয়েছিলাম, যেন তারা নিজ দায়িত্বে এসব সরিয়ে নেন। যেহেতু তারা নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেয়নি, তাই আমরা এগুলো উচ্ছেদ করছি এবং সিলগালা করে দিচ্ছি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অনুমোদনহীন ২৪০টি বাস কাউন্টার সিলগালা করে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি আজকের মধ্যে যতগুলো সম্ভব উচ্ছেদ করার, আর বাকিগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। আমরা আজ গোলাপবাগ এলাকা থেকে আমাদের উচ্ছেদ অভিযান শুরু করেছি। আমাদের এই অভিযানের মূল লক্ষ্য হলো যাত্রী যাতায়াত এবং বাস ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা।
আমিনুল ইসলাম বলেন, আমরা চাচ্ছি অনেকটা বিমানবন্দরের আদলে আমাদের বাস টার্মিনালগুলো পরিচালিত হোক, যেখানে যাত্রীরা একটি নির্দিষ্ট জায়গা থেকেই বাসে উঠবেন এবং সেখানেই নামবেন। টিকিট যে কেউ চাইলে অনলাইনে কাটতে পারেন, কিন্তু বাসে ওঠার জন্য তাকে অবশ্যই নির্ধারিত টার্মিনালে আসতে হবে।