ঢাকা: রাজধানীর তেজগাঁও তেজতুরী বাজার এলাকায় বাসের ধাক্কায় মামুন ফরাজি (৩৩) নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুত্বর অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন।
পথচারী কাজী ফয়সাল জানান, তেজগাঁও পূর্ব তেজতুরি বাজার ওভারব্রিজের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাস ধাক্কায় আহত হয়। দেখতে পেয়ে স্থানীয়দের মাধ্যমে তাকে উদ্ধার করে তিনি হাসপাতালে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এদিকে মৃতের সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে জানা যায়, তার নাম মামুন ফরাজি। বাবার নাম সেকান্দার ফরাজি। বাড়ি ভোলা চরফ্যাশন উপজেলায়। বর্তমান ঠিকানা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হিরাঝিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তেজগাঁও থানা পুলিশ তদন্ত করছে।