Wednesday 25 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতিরঝিলে লিফটের ফাঁকা জায়গা থেকে শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৪ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৯

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

ঢাকা: রাজধানীর হাতিরঝিলের পশ্চিম উলন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গায় জমে থাকা পানি থেকে তাহেদী আক্তার (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শিশুটির চাচা স্বপন মিয়া জানান, তাদের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার আলীরগাঁও গ্রামে। তাহেদীর বাবার নাম মো. লিটন মিয়া। বর্তমানে তারা পশ্চিম উলনের ১২/১/এ নম্বর বাসায় থাকে।

তিনি আরও জানান, মঙ্গলবার রাতে তাহেদীর মা যখন তারাবিহ’র নামাজ পড়ছিলেন, তখন সে বাসা থেকে বাইরে খেলতে বের হয়েছিল। এরপর রাত সাড়ে ১১টার দিকে তার বাবা বাইরে থেকে এসে মেয়েকে খুজতে থাকলে কোথাও পান না। একপর্যায়ে পাশের নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গায় জমে থাকা পানির মধ্যে পড়ে থাকতে দেখেন শিশুটিকে। সঙ্গে সঙ্গে সেখান থেকে তাকে তুলে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর সেখান থেকে তাহেদীর মরদেহ বাসায় নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ বাসা থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

বিজ্ঞাপন

স্বপন বলেন, ‘আমার ভাতিজি যদি পানিতে পড়ে মারা গিয়ে থাকে, তাহলে তার পেটভর্তি পানি থাকবে। অথচ তার পেটে কোনো পানি নেই। মুখের মধ্যে অনেকখানি বিস্কুটের গুড়া রয়েছে। পেটে পানি গেলে সেগুলো মুখে থাকার কথা না। এই মৃত্যু নিয়ে আমাদের সন্দেহ আছে। সিসিটিভি ফুটেজ দেখলেই বোঝা যাবে, সে একা বাসা থেকে বের হয়েছে নাকি কেউ নিয়ে গেছে।’

হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, ‘মরদেহটিতে কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে কোনোওভাবে লিফটের ফাঁকা জায়গায় জমে থাকা পানির মধ্যে পড়ে গিয়ে শিশুটি মারা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

বিজ্ঞাপন

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৭

আরো

সম্পর্কিত খবর