চাঁপাইনবাবগঞ্জ: জেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার (১৩ এপ্রিল) জেলায় নতুন করে আরও ৫০ জন হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬২৭ জনে। ইতোমধ্যে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭ জনে পৌঁছেছে।
জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, পূর্বে ভর্তি ছিলেন ৫৫ জন রোগী । নতুন করে ভর্তি হওয়া ৫০ জনের মধ্যে ছেলে ৩১ জন এবং মেয়ে ১৯ জন। এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন । এছাড়া একজন শিশুকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মোট ৭৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ছেলে ৩৩ জন এবং মেয়ে ৪০ জন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মশিউর রহমান বলেন, হাম রোগীর সংখ্যা এখনও আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে। অভিভাবকদের প্রতি অনুরোধ, শিশুদের পরিচ্ছন্নতা বজায় রাখা ও প্রয়োজনীয় টিকা নিশ্চিত করা জরুরি। তিনি আরও জানান, রোগীর চাপ বাড়লেও হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।