Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাস্তা-ফুটপাত থেকে নির্মাণ সামগ্রী অপসারণের নির্দেশ, শীঘ্রই অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৬ ২২:০৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো।

ঢাকা: রাজধানীর বিভিন্ন স্থানে সরকারি, বেসরকারি ও ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক নির্মাণকাজে ব্যবহৃত বিবিধ নির্মাণ সামগ্রী ও অন্যান্য মালামাল রাস্তা ও ফুটপাত থেকে অপসারণের নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৩ এপ্রিল) রাতে ডিএমপির কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সরকারি বা বেসরকারি এবং ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক নির্মাণকাজে ব্যবহৃত বিবিধ নির্মাণ সামগ্রী ও অন্যান্য মালামাল যত্রতত্রভাবে রাস্তা-ফুটপাতে রাখা হচ্ছে। ফলে একদিকে সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে, অপরদিকে পথচারীগণের চলাচলের অসুবিধা হচ্ছে। এটি ডিএমপি অধ্যাদেশ ১৯৭৬-এর ৬৭/৬৮/৭২/১০২ ধারা এবং সড়ক পরিবহণ আইন ২০১৮-এর ৩৭/৮২ ধারার সুষ্পষ্ট লঙ্ঘন।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, শীঘ্রই ঢাকা মহানগরীতে ওই কার্যক্রমের বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং ডিএমপি ট্রাফিক বিভাগ কর্তৃক বিশেষ অভিযান পরিচালিত হবে। সম্মানিত নগরবাসীকে উল্লিখিত আইনের যথাযথভাবে প্রতিপালনপূর্বক রাস্তা-ফুটপাতে নির্মাণ সামগ্রীসহ অন্যান্য মালামাল দ্রুত অপসারণের জন্য অনুরোধ করা হলো। সুশৃঙ্খল মহানগরী গড়তে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে।