Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরোধী দলীয় নেতারা যা খুশি তাই বলতে পারেন: মুশফিকুর রহমান

লোকাল করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৬ ২১:৩০ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ২১:৩৬

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান।

কসবা: ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেছেন, বিরোধী দলের নেতারা যা ইচ্ছা বলতে পারেন, তবে সরকার  দায়িত্বশীল হওয়ায় তা পারে না।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে কসবা উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এরআগে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে অভ্যুত্থানে শহিদ পরিবার ও যোদ্ধাদের নিয়ে আলোচনা সভায় জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছিলেন, ‘বিএনপি ফ্যাসিবাদী কায়দায় এক দলীয় শাসন কায়েম করতে চায়’।

জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্য প্রসঙ্গে সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেন, ‘তারা ফ্যাসিবাদ বলতে কী বোঝায়, তা আমি বুঝি না। আমরা ফ্যাসিবাদ বলতে বিগত ১৭ বছরকে বুঝি। আমরা তো মাত্র দেড় মাস হলো ক্ষমতায় এসেছি—এতেই কীভাবে ফ্যাসিবাদ হয়ে গেলাম?’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা খর্ব, ধরপাকড় বা অন্যায়ভাবে নির্যাতন হলে সেটিই ফ্যাসিবাদ হিসেবে বিবেচিত হতে পারে। এ ধরনের কিছুই এখনো হয়নি,’—দাবি করেন তিনি।

সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে সংসদ সদস্য বলেন, ‘এখন পর্যন্ত প্রধানমন্ত্রী যা করছে তা জনগনের স্বার্থেই করছে। সরকার নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ যা কিছু করছে সবই জনগনের জন্য। কারণ এই সরকার হচ্ছে জনগনের সরকার, তাই জনগনের জন্যই সব কিছু করছে।’

তিনি জানান, সরকার এলাকায় রাস্তা-ঘাট উন্নয়ন, খাল খনন ও দখলমুক্ত করার কাজ চলছে। এতে কৃষক উপকৃত হবে। পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমও জোরদার করা হয়েছে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির, উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদুর রহমান ও কসবা থানা অফিসার ইনচার্জ নাজনীন সুলতানাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে এমপি মুশফিকুর রহমান ডাকবাংলোতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন। নেতাকর্মীদের সঙ্গে মিটিং শেষে উপজেলা বাদৈর ইউনিয়নে একটি খাল খনন কাজের উদ্বোধন করেন তিনি।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর