রংপুর: রংপুরে পুলিশের উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যার দায়ে আসামি পারভেজ রহমান পলাশকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রংপুর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাশ আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত সরকারি কৌঁসুলি আব্দুল হাদী বেলাল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আরও দু’টি ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন সাহেবগঞ্জ এলাকায় মাদকসেবী পারভেজ রহমান পলাশকে গাঁজাসহ আটক করেন এএসআই পিয়ারুল ইসলাম। এ সময় পলাশ তার কাছে থাকা চাকু দিয়ে পিয়ারুল ইসলামের বুকে উপর্যুপরি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পর পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করে। পলাশকে গ্রেফতারের পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের যুক্তি-তর্ক শেষে আদালত এ রায় দেন।
পলাশ রংপুর নগরীর বাহার কাছনা তেলীপাড়ার জাহিদুল ইসলামের ছেলে। নিহত এএসআই পিয়ারুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য পরিচিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হাদী বেলাল বলেন, ‘পুলিশ হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ন্যায়বিচার পেয়ে নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছে।’
আসামিপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জানান, ‘রায়ে আসামিপক্ষ সন্তুষ্ট নয়। তারা উচ্চ আদালতে আপিল করবেন।’