Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিষধর সাপের দংশন: ওঝার ঝাড়ফুঁকে সময়ক্ষেপণ, প্রাণ হারাল স্কুলছাত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৬ ১৯:০৭

প্রতীকি ছবি।

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সাপের কামড়ে বিথী খাতুন (১৪) নামে দশম শ্রেণীর এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাদপুর গ্রামে এই ঘটনা ঘটে।

বিথি খাতুন কাদপুর গ্রামের আব্দুল্লাহ সরদারের মেয়ে এবং চান্দুড়িয়া কেসিজি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে বিথী তাদের বাড়ির গোয়ালঘরে জ্বালানি কাঠ গোছাতে যায়। এ সময় সেখানে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার পায়ে দংশন করে। বিথীর চিৎকার শুনে স্বজনরা ছুটে আসেন। তবে আধুনিক চিকিৎসার পরিবর্তে পরিবারটি প্রথমে স্থানীয় এক ওঝার শরণাপন্ন হন এবং ঝাড়ফুঁকের মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করেন। ওঝার মাধ্যমে অপচিকিৎসায় সময় নষ্ট হওয়া এবং হাসপাতালে নিতে দেরি হওয়ায় মেধাবী এই ছাত্রীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

ওঝার কাছে দীর্ঘসময় অতিবাহিত হওয়ার পর বিথীর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। পরে তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল সরদার বিথীকে পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে তিনি বিথীকে ‘মৃত’ ঘোষণা করেন।

বিথীর অকাল মৃত্যুতে চান্দুড়িয়া কেসিজি মাধ্যমিক বিদ্যালয় ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ওই এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। আজ বিকেল সাড়ে পাঁচটায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।