Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চৌগাছায় তেল পাম্পে যুবদল-ছাত্রদল সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৬ ১৮:৫৬

হামলায় আহত, হাসপাতালে চিকিৎসাধীন।

যশোর: যশোরের চৌগাছায় তেল পাম্পে সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে পৌর এলাকার উপজেলা পরিষদ ও থানাসংলগ্ন আরএস ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তেলের সিরিয়াল দেওয়া নিয়ে চৌগাছা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রিয়াদ হোসেন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য বাবুর মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা দ্রুতই দুইপক্ষের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরতর আহত যুবদল নেতা রিয়াদ, কর্মী শামীম হোসেন (২৭), কাজল (৩৮) ও টনি (৩৩) এবং ছাত্রদল কর্মী বাবু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

ঘটনার বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি দাবি করেন, যারা সংঘর্ষে জড়িয়েছে, তারা ছাত্রদলের পদধারী নেতা নয়; তারা কর্মী। এ ছাড়া ছোটো ঘটনায় সাংবাদিকরা তিলকে তাল করছেন বলেও অভিযযোগ করেন তিনি।

এদিকে, উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ মান্নানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) নুরুল আমিন বলেন, ‘বিষয়টি দু’পক্ষের ভুল বোঝাবুঝি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ‘

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর