ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় পিকআপে বাসের ধাক্কায় দুইজন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টার সময় ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা নামক স্থানে এক বাঙ্গী বোঝাই পিকআপে বাসের ধাক্কা লাগে এবং এতে যাত্রীবাহী বাসটি উলটে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই পিকআপ যাত্রী বাঙ্গী ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্লা (৪০) নিহত হন। নিহত জাহাঙ্গীর ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্রামের সেকেন মোল্লার ছেলে। পিকআপের আরেক আহত যাত্রী আলমগীর শেখ নামের একজনকে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।
এ ঘটনায় বাসে থাকা যাত্রীরাও গুরুতর আহত হয়েছেন। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে। পরে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে তাদের ভর্তি করা হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন বলেন, ‘ফরিদপুর থেকে মাদারীপুরগামী শাহ ফরিদ নামের বাসের সঙ্গে টেকেরহাট থেকে বাঙ্গী বোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৪০ ফিট গভীর খাদে পড়ে উলটে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।’
এ ছাড়া ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, সকাল ৯টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় এবং গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।