Saturday 11 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানবন্দর-স্টেশন-ট্রেনে ফ্রি ওয়াই-ফাই চালুর উদ্যোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ২০:০৭ | আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ২০:০৯

মতবিনিময় সভায় তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

কক্সবাজার: কক্সবাজারসহ দেশের সব বিমানবন্দর, রেলওয়ে স্টেশন ও দূরপাল্লার ট্রেনে পর্যায়ক্রমে ফ্রি ওয়াই-ফাই সেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, এ লক্ষ্যে এরইমধ্যে কাজ শুরু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘মানুষের দোরগোড়ায় আধুনিক ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এর অংশ হিসেবে দেশের চারটি ট্রেনে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে, যার মধ্যে দু’টি ট্রেন কক্সবাজার রুটে চলাচল করে। পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতেও পর্যায়ক্রমে বিনামূল্যে ওয়াই-ফাই চালুর কার্যক্রম চলছে।’

বিজ্ঞাপন

সমুদ্র উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ও জেলেদের জন্য স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালু করা জরুরি। এতে ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা, জলদস্যুতা প্রতিরোধ ও জরুরি যোগাযোগ সহজ হবে।’

পর্যটন খাতের উন্নয়ন নিয়ে মন্ত্রী বলেন, ‘কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলোকে ফ্রি ওয়াই-ফাইয়ের আওতায় আনার কাজ চলছে। বিদেশি পর্যটক আকর্ষণে অবকাঠামোগত উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।’

পাশাপাশি স্থানীয়দের পর্যটকদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ ও শহর পরিচ্ছন্ন রাখার আহ্বানও জানান মন্ত্রী।

সভায় প্রযুক্তি শিক্ষার প্রসারেও গুরুত্বারোপ করা হয়। মন্ত্রী জানান, উপজেলা পর্যায়ে ইন্টারনেট সম্প্রসারণের পাশাপাশি ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে দক্ষ জনবল তৈরিতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

জেলা প্রশাসক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহেন আসিফ আসাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরও বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এবং কক্সবাজারের পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

মতবিনিময় সভা শেষে বিকেলে মন্ত্রী কক্সবাজার সাবমেরিন ল্যান্ডিং স্টেশন ও কক্সবাজার রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য ফ্রি ওয়াই-ফাই জোনের উদ্বোধন করেন।

এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহেন আসিফ আসাদ জানান, বিটিসিএলের সেবা নিয়ে সাধারণ মানুষের অভিযোগ ও দীর্ঘসূত্রতা দূর করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি কক্সবাজারে মোবাইল নেটওয়ার্কের মানোন্নয়ন ও ফ্রি ওয়াই-ফাই সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

পরে মন্ত্রী ও উপদেষ্টা কক্সবাজার হিলডাউন সার্কিট হাউসে বিটিসিএল, টেলিটক, সাবমেরিন কেবল, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি এবং ডাক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। এতে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর