নীলফামারী: বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে মন্ত্রীর অসুস্থতার এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুইদিনের সফরে নিজ জেলা লালমনিরহাট যাওয়ার পথে সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে পৌঁছান মন্ত্রী। বিমানবন্দরের রেস্টরুমে অবস্থানকালে নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ তিনি মাথা ঘোরা ও অস্বস্তি অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার জানান, প্রাথমিকভাবে মন্ত্রীকে দুপুর ১২টা ১০ মিনিটের ফ্লাইটে ঢাকায় পাঠানোর পরিকল্পনা করা হলেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তা সম্ভব হয়নি। পরে চিকিৎসকদের পরামর্শে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিমানবন্দর ব্যবস্থাপক এ. কে. এম. বাহাউদ্দিন জাকারিয়া জানান, ঢাকা থেকে আসা সেনাবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে বিকেল ৩টা ১০ মিনিটে মন্ত্রীকে রাজধানীর উদ্দেশে পাঠানো হয়েছে।