কক্সবাজার: কক্সবাজারের রামুতে বিজিবির একটি সরকারি ফ্যামিলি কোয়ার্টারে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নে রামু ব্যাটালিয়ন-৩০ বিজিবির জেসিও কোয়ার্টারে এ ঘটনা ঘটে।
নিহত রাবেয়া আক্তার ফেরদৌসী (২৮) ওই ব্যাটালিয়নের জেসিও (জুনিয়র কমিশন্ড অফিসার) সুবেদার মেজর মো. বজলুর রশিদের মেয়ে। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাবার কোয়ার্টারে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন রাবেয়া। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামু থানার উপপরিদর্শক (এসআই) রাহুল রায় বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, গত ছয় মাস ধরে রাবেয়া তার বাবার বাসায় অবস্থান করছিলেন। তার দু’টি ছেলে সন্তান রয়েছে। স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।’
রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ বলেন, ‘আত্মহত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কিছু জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’