নীলফামারী: জেলার ডোমারে অবৈধভাবে ভোজ্য তেল মজুত, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, স্বনামধন্য প্রতিষ্ঠানের নামে নকল পণ্য সরবরাহ এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহারের অভিযোগে যৌথবাহিনীর অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে জেলার ডোমারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এই জরিমানা করা হয়।
অভিযানে মেসার্স ফারুখ ট্রেডার্সকে ১ লাখ টাকা, সাবেত ট্রেডার্সকে ৫০ হাজার টাকা এবং মেসার্স শহিদুল অ্যান্ড সন্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নীলফামারী র্যাব ১৩ সিপিসি-২’র স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির, নীলফামারী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রায়হান আহমেদ অর্ণবসহ সেনাবাহিনী, র্যাব ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী অভিযানের বিষয়ে নিশ্চিত করে জানান, ‘র্যাব, সেনাবাহিনী ও আনসার বাহিনীর অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভোজ্য তেল মজুত, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, স্বনামধন্য প্রতিষ্ঠানের নামে নকল পণ্য সরবরাহ এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহারের অভিযোগ ছিল। তিনটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’
এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।