Wednesday 08 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় মেয়র পদে লড়তে ইস্তফা দিলেন খোকসা পৌরসভার স্টোর কিপার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ১৫:৪৫

খোকসা পৌরসভার স্টোর কিপার মো. জসিম উদ্দিন।

কুষ্টিয়া: আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন কুষ্টিয়ার খোকসা পৌরসভার স্টোর কিপার মো. জসিম উদ্দিন।

মঙ্গলবার (৭ এপ্রিল) তিনি খোকসা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. তাসমিন জাহানের কাছে তার পদত্যাগপত্র জমা দেন।

জানা যায়, মো. জসিম উদ্দিন খোকসা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর এলাকার বাসিন্দা। ২০০৭ সালে তিনি স্টোর কিপার হিসেবে পৌরসভায় যোগ দেন। প্রায় ১৯ বছর দায়িত্ব পালনের পর তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হয়ে জনসেবায় অংশ নিতে এ সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগের বিষয়ে জসিম উদ্দিন জানান, ছাত্রজীবন থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। খোকসা পৌর ছাত্রদল ও পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তবে চাকরিতে বহাল থেকে সক্রিয় রাজনীতি করা সম্ভব না হওয়ায় তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। খোকসা পৌরসভাকে একটি আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই তিনি মেয়র পদে নির্বাচন করতে চান বলেও জানান।

বিজ্ঞাপন

দলের মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, দলে অনেক যোগ্য প্রার্থী রয়েছেন, আমিও মনোনয়ন প্রত্যাশী।

তবে দল থেকে মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি।

এ বিষয়ে খোকসা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. তাসমিন জাহান বলেন, মো. জসিম উদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। বিধি অনুযায়ী তা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হবে এবং সেখান থেকে সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

মাটিহীন বাগান!
৮ এপ্রিল ২০২৬ ১৭:২৯

আরো

সম্পর্কিত খবর