চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ উপজেলায় ইটবোঝাই ট্রলি উলটে আব্দুস সামাদ নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ছোটভাই সারোয়ার হোসেন।
বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের হরিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক ডি. কে. তনয় কুমার ঘটনার বিষয়ে নিশ্চিত করে জানান, সকালে ইটবোঝাই ট্রলি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জ আসছিলেন সামাদ। এ সময় হরিনগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি উল্টে ঘটনাস্থলেই নিহত হন তিনি। গুরুতর আহত হন তার ছোট ভাই সারোয়ার। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশ জানায়।