Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ সীসা কারখানা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ১৫:৩৮

কারখানা গুড়িয়ে দেওয়ার সময়কার চিত্র।

শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জে পুরাতন ব্যাটারি হতে সীসা উৎপাদনকারী একটি কারখানা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মহিষকান্দি এলাকায় এ অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে. এম. রাফসান রাব্বি। অভিযানে সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদফতর, ফায়ার সার্ভিস ও থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মহিষকান্দি এলাকায় অবৈধভাবে পুরনো ব্যাটারি হতে সীসা উৎপাদনকারী একটি কারখানা পরিচালনা করে আসছে একটি চক্র। চক্রটি বিভিন্ন জেলা থেকে পুরাতন ব্যাটারি সংগ্রহ করে সেগুলো থেকে সীসা বের করে বিভিন্ন কোম্পানিতে বিক্রি করে থাকে। কারখানাটির কারণে এলাকায় বিষক্রিয়া ছড়িয়ে গবাদিপশু মারা যাচ্ছিল বলে অভিযোগ করেন এলাকাবাসী। তাদের অভিযোগের ভিত্তিতে কিছুদিন পূর্বে বিষয়টি সেখানে অভিযান চালিয়ে কারখানাটি বন্ধের পাশাপাশি জেল ও জরিমানা করা হয়। তবে এরপরেও প্রতিষ্ঠানটি প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে তাদের কার্যক্রম চালিয়ে যায়। পরে মঙ্গলবার কয়েক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে কারখানাটি বুলডোজার দিয়ে সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক রাসেল নোমান বলেন, ‘সীসা দূষণ পরিবেশের ওপর একটি মারাত্মক হুমকি। এটি জনস্বাস্থ্য কৃষি ও প্রাণিজ সম্পদের ওপর বিরূপ প্রভাব ফেলে।’

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ভেদরগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) কে. এম. রাফসান রাব্বি বলেন, ‘কারখানাটিতে মূলত সীসা পোড়ানোর কাজ করা হত। তারা নিয়মনীতির তোয়াক্কা না করে ব্যাটারি পুড়িয়ে সীসা বের করে আনত। এসব কারণে এখানে বিষক্রিয়া ছড়িয়ে গবাদিপশু মারা যাচ্ছিল। তাছাড়া, তারা লাইসেন্স ছাড়াই কারখানাটি পরিচালনা করে আসছে। আজ এখানে অভিযান চালিয়ে কারখানাটি গুড়িয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি ভূমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে।’