Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনে বনদস্যুর গুলিতে জেলে আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ১৩:২৭

গুলিতে আহত জেলে।

সাতক্ষীরা: সাতক্ষীরায় সুন্দরবনের কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখ এলাকায় বনদস্যুর গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামে এক জেলে আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহত আতিয়ার রহমান বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত মান্দার গাজীর ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে সুন্দরবনের নির্দিষ্ট এলাকায় কাঁকড়া আহরণ করতে যান আতিয়ার রহমান। এসময় হঠাৎ করে বনদস্যুদের একটি দল সেখানে উপস্থিত হয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

সহযোগী জেলেরা দ্রুত তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটবর্তী নিরাপদ স্থানে নিয়ে আসে। পরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা বলেন, সুন্দরবনের বিভিন্ন খাল ও নদীতে প্রায়ই বনদস্যুদের তৎপরতা দেখা যায়, যার ফলে জেলে ও বনজীবীদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ে।

এ ঘটনায় স্থানীয় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, আনুমানিক বেলা ১২টার সময়, গুলিবিদ্ধ অবস্থায় জেলে আতিয়ার রহমান আমাদের অফিসে আসলে তাৎক্ষণিক আমরা আহত জেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। এবং শ্যামনগর থানা পুলিশ ও কৈখালী কোস্ট গার্ডকে বিষয়টি জানানো হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইন চার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, আমরা বনদস্যু নির্মূলে তৎপর আছি। যৌথ অভিযানের জন্য সবার সঙ্গে কথা হচ্ছে। দ্রুত যৌথ অভিযান পরিচালনা করা হবে। আহত জেলের খোঁজখবর নেওয়ার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর