Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবসেবায় ‘কমলনগর গর্ব সম্মাননা পদক’ পেলেন পুলিশ সদস্য দোলন

স্টাফ করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ২৩:০২ | আপডেট: ৬ এপ্রিল ২০২৬ ২৩:৩৮

‘কমলনগর গর্ব সম্মাননা পদক’ পেয়েছেন পুলিশ সদস্য মো. দোলন।

লক্ষ্মীপুর: পুলিশি সেবার পাশাপাশি মানবিক কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘কমলনগর গর্ব সম্মাননা পদক’ পেয়েছেন পুলিশ সদস্য মো. দোলন।

শুক্রবার (৩ এপ্রিল) লক্ষ্মীপুরের কমলনগরে সানরাইজ ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান তার হাতে এই পদক তুলে দেন।

মো. দোলন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটারিরহাট এলাকার আলহাজ্ব মো. ফারুক মেহেদীর ছেলে। ২০১৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করা দোলন বর্তমানে ডিএমপির লালবাগ বিভাগে কর্মরত আছেন।

তিনি চাকরিজীবনের পাশাপাশি বান্দরবান, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে সর্বমহলে প্রশংসিত হয়েছেন। তার দেশপ্রেম ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ তিনি আইজিপি পদক, পরিবেশ পদক, শেরে বাংলা একে ফজলুল হক গোল্ডেন অ্যাওয়ার্ড এবং নেলসন ম্যান্ডেলা শান্তি পদক লাভ করেন।

বিজ্ঞাপন

এ ছাড়া নেপাল সরকারের পক্ষ থেকে তিনি ‘নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড’সহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন।

আরও পড়ুন-মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধের ডাক হুইপ নিজানের

দোলন লক্ষ্মীপুরের কমলনগরসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ১ হাজার ৭৫০ জন বিধবা ও কর্মউদ্যোগী নারীকে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। ঝরে পড়া শিশুদের শিক্ষার আলো ছড়াতে তিনি প্রতিষ্ঠা করেছেন ৪টি ‘মানবিক পাঠশালা’, যেখানে বর্তমানে ২৬৭ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।

নিজ এলাকায় ৪৭ জন সদস্য নিয়ে তিনি গঠন করেছেন ‘মেহেদী রাজা স্মৃতি ফাউন্ডেশন’। এই সংগঠনের মাধ্যমে নদীভাঙা ভূমিহীনদের জন্য উন্মুক্ত কবরস্থান ও স্কুল নির্মাণসহ বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন তিনি। এ পর্যন্ত তিনি দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ২৭ হাজার বৃক্ষরোপণ করেছেন।

স্বাস্থ্যসেবায় মুমূর্ষু রোগীদের জন্য তিনি ‘ব্লাড ক্রাইসিস মোমেন্ট টিম’ নামে একটি রক্তদাতা গ্রুপ তৈরি করেছেন এবং নিজে ১৭ বার রক্তদান করেছেন। এ ছাড়াও তিনি ৪ জন দৃষ্টিহীন ব্যক্তিকে চোখের দৃষ্টি ফেরাতে চিকিৎসা সহায়তা, ২৯ জন গৃহহীনকে ঘর নির্মাণ এবং ১৯২ জন শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিয়েছেন।

নিজের অনুভূতি ব্যক্ত করে পুলিশ সদস্য মেহেদী হাসান দোলন বলেন, ‘ছাত্রজীবন থেকেই আমি অসহায় মানুষের কল্যাণে কাজ করছি। কর্মজীবনে এসে এখন প্রান্তিক পর্যায়ে আরও বড় পরিসরে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি; এসব কাজ করেই আমি প্রকৃত আত্মতৃপ্তি পাই। আমি বিশ্বাস করি, সৃষ্টির সেবার মাধ্যমেই স্রষ্টার নৈকট্য লাভ করা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘সেই দিন আর বেশি দূরে নয়, যেদিন পুরো পৃথিবী হবে মানবিকতায় পূর্ণ।’

প্রসঙ্গত, আয়োজক সূত্রে জানা গেছে, সানরাইজ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠানে ৯ জন গুণী ব্যক্তিকে ‘কমলনগর গর্ব সম্মাননা পদক’ প্রদান, ৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা এবং ১৪ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার দেওয়া হয়েছে। সম্মাননা পদকপ্রাপ্তরা হলেন—শ্রেষ্ঠ আলেম গিয়াস উদ্দিন, আদর্শ শিক্ষক মাহবুবুর রহমান, গর্বিত পিতা মোহাম্মদ আলী হোসাইন, কৃষি উদ্যোক্তা মো. রিপন, উদ্যোক্তা আব্দুর রহমান এবং সামাজিক সংগঠক ও মানবসেবায় মো. দোলন। এ ছাড়া প্রাতিষ্ঠানিক পর্যায়ে রক্তদান সংগঠন প্রিয় ব্লাড ব্যাংক, সামাজিক সংগঠন মাতাব্বরহাট ক্লাব ও ক্রীড়া সংগঠন শতমুখ স্বপ্ন ফাউন্ডেশনকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়।

সারাবাংলা/এসআর/এইচআই
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর