লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় সাত লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ঘের মালিক মো. সুজনের স্বপ্ন আর বিনিয়োগ—সব একরাতেই শেষ হয়ে গেছে।
সোমবার (৬ এপ্রিল) ভোরে উপজেলার ভাটরা ইউনিয়নের জাফরনগর গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী সুজন জানান, মাছ চাষই ছিল তার উপার্জনের প্রধান অবলম্বন। সোমবার ভোরে ঘেরে গিয়ে তিনি দেখেন—রুই, কাতলা ও তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির কয়েক হাজার মাছ মরে পানিতে ভেসে আছে। পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করায় তার প্রায় সাত লাখ টাকার অপূরণীয় ক্ষতি হয়েছে। আয়ের একমাত্র উৎস ও পুঁজি হারিয়ে তিনি এখন নিঃস্ব হয়ে পড়েছেন।
সুজন ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। তিনি বলেন, পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে তাকে পথে বসানো হয়েছে, তাই প্রশাসনের কাছে তিনি এর সঠিক বিচার চান।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ চৌধুরী জানান, মাছের ঘেরে বিষ প্রয়োগের বিষয়টি তিনি মৌখিকভাবে শুনেছেন। তবে কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পাওয়া মাত্রই বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।