লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
রোববার (৫ এপ্রিল) বিকেল ৪টা ৩০ মিনিট থেকে এই আদেশ কার্যকর করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা সই করা এক আদেশে এই তথ্য জানানো হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে লক্ষ্মীপুর পৌর এলাকার হাসপাতাল রোডে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র কর্মী হাবিবুর রহমান ফাহিম এবং ‘জুলাই ফাইটার্স’র কর্মী আকবর হোসেন মুন্নার মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের দুইজনই আহত হন।
এই ঘটনার প্রতিবাদে রোববার বিকেল ৫টায় শহরের চকবাজার মসজিদের সামনে দুই পক্ষই পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। একই সময়ে এবং একই স্থানে উভয় পক্ষ কর্মসূচি ঘোষণা করায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লিখিতভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। এরই পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতাবলে পৌর এলাকায় সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করে প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা জানান, উদ্ভূত পরিস্থিতিতে কতিপয় ব্যক্তি একত্রিত হয়ে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে বলে আমরা মনে করছি। তাই উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিকেল ৪টা ৩০ মিনিট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল ধরনের সভা-সমাবেশ ও মিছিলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আদেশটি জারির পর থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।