Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উখিয়ায় গোলাগুলি ও ভাঙচুরের ঘটনায় ‘মূলহোতা’ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৬ ২০:০৩

কক্সবাজার: জেলার উখিয়ার পালংখালী এলাকায় গোলাগুলি-ভাঙচুর ও সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান আসামি হিসেবে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

শনিবার (৪ এপ্রিল) র‍্যাব-১৫-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উখিয়া উপজেলার পালংখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে ছৈয়দুল বশর (৩৯) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়। তিনি পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, গত ২৯ মার্চ পালংখালী এলাকায় একদল দুষ্কৃতকারী অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর ও গোলাগুলির ঘটনা ঘটায়। এতে কয়েকজন গুরুতর আহত হন এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় উখিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‍্যাব। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিকে আটক করা হয়।

বিজ্ঞাপন

র‍্যাবের সহকারী পরিচালক আ. ম. ফারুক বলেন, গ্রেফতার ছৈয়দুল বশরের বিরুদ্ধে আগে থেকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি গ্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেফতারের পর তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর