লক্ষ্মীপুর: জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার ডাক দিয়ে বলেন, কেবল মুখে বললে হবে না, মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স সূর্যমুখী কিন্ডারগার্টেন মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সামাজিক সংগঠন ‘সানরাইজ ক্লাব’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ‘কমলনগর গর্ব সম্মাননা পদক’ প্রদান, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে হুইপ বলেন, ‘মাদকের বিরুদ্ধে কেবল মুখে যুদ্ধ ঘোষণা করলেই হবে না, বরং একে নির্মূল করতে সম্মিলিতভাবে নামতে হবে। সর্বস্তরে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই সমাজ থেকে মাদকের অভিশাপ দূর করা সম্ভব হবে।’
এ সময় শিক্ষকদের রাজনীতির ঊর্ধ্বে থেকে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের তাগিদ দিয়ে হুইপ বলেন, ‘আপাতত যার যার দায়িত্ব পালন করেন, এখন রাজনীতি করার দরকার নেই। ভোটের তিন মাস আগে রাজনীতি কইরেন।’
তিনি আরও বলেন, ‘অতীতে স্কুলে পড়াশোনার মান যেমনই হোক, এখন আর অবহেলা চলবে না। আমাদের সরকার শিক্ষার প্রসারে সব ধরনের সহায়তা নিশ্চিত করবে, তবে আপনাদেরও যথাযথ সেবা দিতে হবে। শিক্ষকদের কাজ শিক্ষকতা করা, তাই এখন রাজনীতি করার প্রয়োজন নেই।’
সানরাইজ ক্লাবের সভাপতি ওসমান গনি বিপ্লবের সভাপতিত্বে ও চন্দ্রগঞ্জ কামিল মাদরাসার প্রভাষক আনোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান, কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম, কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী ও সাধারণ সম্পাদক দিদার হোসেন।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির আবুল খায়ের ও সেক্রেটারি আকরাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজক সূত্রে জানা গেছে, সানরাইজ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠানে ৯ জন গুণী ব্যক্তিকে ‘কমলনগর গর্ব সম্মাননা পদক’ প্রদান, ৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা এবং ১৪ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার দেওয়া হয়েছে।
সম্মাননা পদকপ্রাপ্তরা হলেন—শ্রেষ্ঠ আলেম গিয়াস উদ্দিন, আদর্শ শিক্ষক মাহবুবুর রহমান, গর্বিত পিতা মোহাম্মদ আলী হোসাইন, কৃষি উদ্যোক্তা মো. রিপন, উদ্যোক্তা আব্দুর রহমান এবং সামাজিক সংগঠক মো. দোলন।
এ ছাড়া প্রাতিষ্ঠানিক পর্যায়ে রক্তদান সংগঠন প্রিয় ব্লাড ব্যাংক, সামাজিক সংগঠন মাতাব্বরহাট ক্লাব ও ক্রীড়া সংগঠন শতমুখ স্বপ্ন ফাউন্ডেশনকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়।