Friday 03 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফে ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৬ ১৪:৪৬

জব্দ করা জাল।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) ও মৎস্য অধিদফতরের যৌথ অভিযানে প্রায় ১১৮ কোটি ১০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত টেকনাফ থানার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ, আউটপোস্ট বাহারছড়া এবং মৎস্য অধিদফতরের সমন্বয়ে যৌথভাবে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে শামলাপুর বাজার এলাকার দু’টি গুদামে তল্লাশি চালিয়ে প্রায় ৬০ লাখ মিটার অবৈধ চরঘেরা জাল, ৪০ লাখ মিটার কারেন্ট জাল এবং ২০টি বেহুন্দি জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ১১৮ কোটি ১০ লাখ টাকা।

বিজ্ঞাপন

তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান এই কর্মকর্তা। পরে টেকনাফ উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে জব্দ করা অবৈধ জালগুলো ধ্বংস করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সারাবাংলা/এআর