পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এক অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অভিযানে বিপুল পরিমাণ ডিজেল ও পেট্রোল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টার দিকে পৌরসভার ভুবনেশ্বর ব্রিজসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় খান ভ্যারাইটিস স্টোরের একটি গুদাম থেকে ৪৪০ লিটার ডিজেল ও ১ হাজার ১৮ লিটার পেট্রোল জব্দ করা হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানটির মালিক এবাদুল খানকে বিনা লাইসেন্সে পেট্রোলিয়াম পণ্য মজুত করার দায়ে আটক করা হয়। পরে তিনি দোষ স্বীকার করায় পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারা অনুযায়ী তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জব্দ করা জ্বালানি সরকারি মূল্যে বিক্রয়ের শর্তে ভান্ডারিয়া উপজেলার প্যাক পয়েন্ট ডিলার মেসার্স বায়েজিদ এন্টারপ্রাইজ ও মেসার্স ফয়সাল এন্টারপ্রাইজের কাছে হস্তান্তর করা হয়। বিক্রয়লব্ধ ১ লাখ ৫৪ হাজার ৭৪৭ টাকা ৯০ পয়সা সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা দেওয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভান্ডারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার। তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।