Thursday 02 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নগরকে সুন্দর রাখতে উচ্ছেদের পাশাপাশি সচেতনতা জরুরি: চসিক মেয়র

স্টাফ করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ২০:৩১

চট্টগ্রাম: নগরীর সড়ক দখলমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ রাখতে উচ্ছেদ অভিযানের পাশাপাশি স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট টিম নিয়মিতভাবে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে এবং আই-ব্লক এলাকাতেও দ্রুত ম্যাজিস্ট্রেট পাঠানো হবে। অবৈধ দখল উচ্ছেদের পাশাপাশি তা যেন পুনরায় ফিরে না আসে, সে বিষয়ে এলাকাবাসীকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নগর ভবনে হালিশহর আই-ব্লক সমাজকল্যাণ পরিষদের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় নেতারা মেয়রের কাছে প্রধান সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ, পর্যাপ্ত সড়কবাতি স্থাপন এবং ১০নম্বর থেকে ১৪নম্বর লেইন পর্যন্ত সড়ক উন্নয়নের বিষয়ে লিখিত আবেদনপত্র হস্তান্তর করেন।

মেয়র বলেন, নগরীর সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে আধুনিক আন্ডারগ্রাউন্ড মার্কেট নির্মাণ, নতুন মার্কেট উন্নয়ন এবং সড়ক আলোকায়নসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

আই-ব্লক সমাজকল্যাণ পরিষদের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, নগরকে বাসযোগ্য ও সুন্দর রাখতে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

সাক্ষাৎকালে আই-ব্লক সমাজকল্যাণ পরিষদের সভাপতি রায়হান মাহমুদ, সহ-সভাপতি মোহাম্মদ রাশেদ ও মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আতাউর রহমান (লিটন), সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম লিমন, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, প্রচার ও দফতর সম্পাদক মো. মনসুর আউয়াল জাকের এবং সদস্য সাকী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর