লক্ষ্মীপুর: ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে বিদ্যুতায়িত একটি টিনশেড ঘরের বেড়ায় হেলান দিতেই বিদ্যুতায়িত হয়ে মো. রুবেল (৩০) ও আলাউদ্দিন (৩৫) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে সুতারগোপ্টা এলাকার ‘আকবর কোম্পানি’ নামক ইটভাটায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের মো. সেলিমের ছেলে ও আলা উদ্দিন একই এলাকার তাজল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও সহকর্মী শ্রমিকরা জানান, কালবৈশাখী ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে ভাটাসংলগ্ন একটি পরিত্যক্ত টিনশেড ঘর আগে থেকেই বিদ্যুতায়িত ছিল। দুপুরের দিকে প্রচণ্ড গরমে ঘামে ভেজা শরীর নিয়ে রুবেল ও আলাউদ্দিন ওই ঘরের পাশে ছায়ায় বিশ্রাম নিতে যান। একপর্যায়ে একজন টিনের বেড়ার সঙ্গে হেলান দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে অন্যজনও বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের মেডিকেল অফিসার ডা. দোলন আক্তার জানান, বিদ্যুতায়িত হয়ে ওই দুই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) হিমেল চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। দুর্ঘটনার বিস্তারিত কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে এরই মধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।