Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুরে ভাসমান ড্রাম সেতু ভেঙে ভাই-বোনসহ নিহত ৫

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২১ মার্চ ২০২৬ ২৩:২২ | আপডেট: ২২ মার্চ ২০২৬ ১৪:৩৯

জামালপুর: জেলার দেওয়ানগঞ্জ থানার সামনে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান ড্রাম সেতু ভেঙে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- দেওয়ানগঞ্জের ডাকাতিয়া পাড়ার জয়নাল আবেদীনের কন্যা মায়া মনি, ঝালুর চরের শের আলীর কন্যা খাদিজা আক্তার ও পুত্র মোতালেব হোসেন, দেওয়ানগঞ্জ পৌরসভার বেলতলীর হাবিবুল্লাহর পুত্র আবির হোসেন এবং বালু গ্রামের জয়নালের ছেলে হাফেজ মিহাদ (১৬)।

দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর আহামদ জানান, থানার সামনে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান ড্রাম সেতুর ওপর ধারন ক্ষমতার বেশি মানুষ উঠে। ভাসমান সেতুর মাঝে ভেঙে নদে ডুবে যায় বেশ কয়েকজন শিশু। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। রাত ৯ টা পর্যন্ত ৫ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষ্যে বিপুলসংখ্যক মানুষ ভাসমান সেতুটিতে ভিড় করেন। অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে সেতুটি ভেঙে পড়ে এবং অনেকেই নদীতে পড়ে যান। তাদের মধ্যে বেশিরভাগই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও কয়েকজন শিশু নিখোঁজ হয়।

খবর পেয়ে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া হবে এবং সেখানে একটি স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ রবিউল ইসলাম আকন্দ জানান, নিখোঁজ ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে আর কেউ নিখোঁজ নেই বলে জানা গেছে।