Friday 27 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে দাঁড়িয়ে থাকা পিকআপে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৩

যশোর: যশোরের বাঘারপাড়ায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিয়ে রুহুল খান (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কদমতলা এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী রুহুল খান বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের পাঠান পাইকপাড়া গ্রামের মৃত বারিক খানের ছেলে। আহতরা হলেন- নিহতের ভগ্নিপতি মোটরসাইকেল আরোহী জহুরপুর ইউনিয়নের রসিমপুর গ্রামের বাসিন্দা শওকত হোসেন (৪২) ও তার সঙ্গে থাকা সাত বছর বয়সী এক শিশু পুত্র। তবে ওই শিশুর নাম-পরিচয় জানা যায়নি। এর মধ্যে শওকতের অবস্থা গুরুতর। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার সকাল থেকেই কদমতলা এলাকায় একটি পিকআপ রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল। রাত সাড়ে আটটার দিকে মাগুরামুখী একটি মোটরসাইকেল ওই পিকআপকে পেছন থেকে অতিক্রম করতে গিয়ে তাতে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়ার বন্দবিলা ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খান। তিনি জানান, রুহুল খান ও তার ভগ্নিপতি খাজুরার পার্শ্ববর্তী লেবুতলার এক আত্মীয়বাড়ি থেকে ফিরছিলেন। পথিমধ্যে তারা মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বারোবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, মরদেহ ও দুর্ঘটনা কবলতি যান দুটি তাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর