Friday 27 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধার সবজির বাজারে স্বস্তির হাওয়া

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১২

গাইবান্ধা: রমজানের মধ্যেই গাইবান্ধার স্থানীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় অধিকাংশ সবজির দাম কমতে শুরু করেছে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সপ্তাহের ব্যবধানে বেশ কয়েকটি পণ্যের মূল্য হ্রাস পেয়েছে, এতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধা পৌর শহরের পুরাতন বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহখানেক আগেও যে আলু ২০ টাকা কেজি বিক্রি হচ্ছিল, বর্তমানে তা নেমে এসেছে ১২ থেকে ১৫ টাকায়। টমেটো ৬০ টাকা থেকে কমে ৪০ টাকা কেজি, পেঁয়াজ ৬০ টাকা থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, কাঁচামরিচের দাম ১৪০ টাকা থেকে কমে হয়েছে ১১০ টাকা কেজি। শসা ৮০ টাকা থেকে কমে ৫০ টাকায়, লেবু হালিপ্রতি ৬০ টাকা থেকে কমে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি ২৫ থেকে ৩০ টাকার মধ্যে এবং প্রতিটি লাউ ২৫ থেকে ৩০ টাকায় পাওয়া যাচ্ছে। আদা বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে।

বিজ্ঞাপন

বাজার কমিটির হালনাগাদ তথ্য অনুযায়ী, বেগুন, পেঁপে, লাউ, শসা, আলু ও টমেটো চাহিদার তুলনায় বেশি পরিমাণে বাজারে আসছে। নতুন মৌসুমের সবজি বাজারে প্রবেশ করায় সরবরাহ বেড়েছে, যার প্রভাব পড়েছে দামে।

ব্যবসায়ীরা জানান, উৎপাদন মৌসুম শুরু হওয়ায় বাজারে পণ্যের চাপ বেড়েছে। ফলে স্বাভাবিকভাবেই দাম কমেছে।

ক্রেতারা বলছেন, সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কমেছে। এতে নিম্ন ও মধ্য আয়ের মানুষ স্বস্তিতে বাজার করতে পারছেন। বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রশাসনের নজরদারি অব্যাহত রাখার দাবিও জানান তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর