যশোর: যশোরসহ এ অঞ্চলের বিভিন্ন জেলায় ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার কালীগঞ্জ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পরপরই দুপুর ১টা ৫৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পে যশোরের মানুষ শক্ত ঝাঁকুনি অনুভব করেছেন। মসজিদে নামাজ পড়তে যাওয়া অনেকে আতঙ্কিত হয়ে মসজিদ থেকে বেরিয়ে যান। আকস্মিক এই ভূমিকম্পে আতঙ্কিত হয়ে অনেক স্থানে সাধারণ মানুষ বাসাবাড়ি ও বহুতল ভবন থেকে দ্রুত রাস্তায় নেমে আসেন। যশোরে এ যাবৎকালের সর্বোচ্চ এ মাত্রার আঘাত এনেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ভূমিকম্প অনুভবের অভিজ্ঞতা শেয়ার করেছেন। কয়েক সেকেন্ডের কম্পন হলেও হঠাৎ এমন কাঁপুনিতে যশোরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানায়, ভূমিকম্পটি দুপুর ১টা ৫৮ মিনিটে ২৯ সেকেন্ডে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার কালীগঞ্জ। ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৫ কিলোমিটার এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।