Thursday 26 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে আফিল ব্রিকসে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৯

যশোর: যশোর সদর উপজেলার হাটবিলা-জামতলা এলাকায় অবস্থিত আফিল গ্রুপের মালিকানাধীন ‘আফিল ব্রিকসে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় ফায়ার সার্ভিসের দুই কর্মী ও এক শ্রমিক আগুন নেভাতে গিয়ে আহত হন।

যশোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার ইফতারের ঠিক আগ মুহূর্তে ব্রিকসের ২ নম্বর শেডে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো শেডে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। পরিস্থিতি ভয়াবহ হওয়ায় একে একে যশোর সদর, বাঘারপাড়া, নওয়াপাড়া ও মনিরামপুর স্টেশন থেকে মোট ৭টি ইউনিট উদ্ধারকাজে যোগ দেয়।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস কর্মী, কারখানার শ্রমিক ও স্থানীয় জনতা মিলে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। উদ্ধারকাজ চলাকালীন সময় এক জন শ্রমিক ও দুই জন ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে তদন্তের পরেই প্রকৃত কারণ জানা যাবে।

আফিল গ্রুপের ম্যানেজার আশরাফুল হক জানান, আগুনে কারখানার শেডে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা সম্ভব হয়নি।

আফিল গ্রুপের পরিচালক মাহাবুব আলম লাবলু জানান, আগুনে তাদের ব্রিকস ব্যাপক ক্ষতি হয়েছে। শুধু শেডে নয়, কন্ট্রোল রুম ও প্রডাকশন রুমও ক্ষতিগ্রস্থ হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর